প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণঃ রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলাধীন ভবানীগন্জ (উপজেলা সদর) হতে ১৬ কিলোমিটার পশ্চিমে নিভৃত পল্লী এলাকায় পানিয়া নরদাশ কলেজ অবস্থিত। কলেজটিতে ০৯টি রুম বিশিষ্ট একটি তিনতলা ভবন, ১২রুম বিশিষ্ট দু’টি দ্বিতল ভবন ও পাকা প্রাচীরে ঘেরা সুন্দর ক্যাম্পাস। ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে প্রচুর বই সমৃদ্ধ একটি লাইব্রেরী, গবেষণাগার ও ডিজিটাল কম্পিউটার ল্যাব। শিক্ষক-কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা সৌচাগার। ফলজ ও বনজ বৃক্ষে ঘেরা সুন্দর ক্যাম্পাসের ভিতরে রয়েছে মনোমুগ্ধকর ফুল বাগিচা। কলেজের মূল ভবনের পশ্চিমে বিশাল খেলার মাঠ ঘিরে রয়েছে সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন এন,জি,ও প্রতিষ্ঠানসহ বিরাট বাজার, উত্তরে গ্রাম বাংলার ঐতিহ্য বিল যেখানে বর্ষা মৌসুমে পানি থৈ থৈ করে, পূর্বে সারি সারি নারিকেল গাছ এবং দক্ষিনে শহীদ মিনার ও পাকা রাস্তা। উক্ত পাকা রাস্তা দ্বারা উপজেলা ও জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি নিভৃত পল্লী এলাকায় প্রতিষ্ঠিত পানিয়া নরদাশ কলেজটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ছোয়ায় অতি অল্প সময়ের মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এলাকায় সুপরিচিতি লাভ করেছে।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ পানিয়া নরদাশ কলেজ প্রতিষ্ঠার ইতিহাস অতি প্রাচীন না হলেও সুদূরপ্রসারী। কলেজটি নরদাশ গ্রামের পশ্চিম পার্শ্বে অবস্থিত হলেও নামকরনের একটা ঐতিহ্য বিদ্যমান। বাংলাদেশের ৮৫% লোকের বাস গ্রামে। আর এই গ্রাম বাংলার হতদরিদ্র কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতী , শ্রমিকের ছেলে-মেয়েদের উচ্চ লেখা-পড়ার ব্যবস্থা করার জন্য যুগে যুগে যে সকল ক্ষনজন্মা মানুষের ভূমিকা অন্যতম তাঁর মধ্যে অত্র কলেজের স্বপ্নদ্রষ্টা এ,কে,এম আজিজুর রহমান, তৎকালীন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী শিক্ষা বোর্ড, আর,কে,এম মোসলেম উদ্দিন মিঞা তৎকালীন ইউপি চেয়ারম্যান, ও জনাব মোঃ মহি উদ্দিন তৎকালীন প্রধান শিক্ষক, নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় -এর নাম সবিশেষ উল্লেখযোগ্য । এই তিন শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে ও এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগীতায় কলেজটি ০১/০৭/১৯৮৭ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত । প্রতিষ্ঠাতা এ,কে,এম আজিজুর রহমানের জন্মস্থান নরদাশ গ্রাম সংলগ্ন পানিয়া গ্রামে। তাই প্রতিষ্ঠাতার প্রতি সম্মান প্রদর্শন করে কলেজের নামের পূর্বে পানিয়া যোগ করে কলেজের নামকরণ করা হয় পানিয়া নরদাশ কলেজ। কলেজ। প্রতিষ্ঠার শুরুতে নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২টি রুমে কলেজের কার্যক্রম চালু হয় এবং পরবর্তীতে নিজস্ব ভবনে ক্লাস স্থানান্তরিত হয়। অতপর কলেজটি ০১/০৭/১৯৮৭ খ্রীষ্টাব্দে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে এবং ০১/০৭/১৯৯৩ খ্রীষ্টাব্দে উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে প্রথম এম,পি,ও ভূক্ত হয়। পল্লী এলাকার ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ১০/১০/১৯৯৭খ্রীষ্টাব্দে ডিগ্রী খোলার সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৬/০৪/১৯৯৮খ্রীষ্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর কর্তৃক বিএ, বিএসএস ও বিকম কোর্সের স্বীকৃতি লাভ করে এবং ০১/০৯/১৯৯৮খ্রীষ্টাব্দ হতে কলেজটি ডিগ্রী স্তরে এমপিও ভূক্তি লাভ করে। এছাড়া গত ০৩/০৩/২০১৫খ্রিঃ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি কোর্স স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা এবং ডিগ্রী পর্যায়ে বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএ কোর্সে শত শত ছাত্র-ছাত্রী লেখা পড়া করছে।